বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

গোবিন্দ ঠাকুর ও গুণালঙ্কার মহাথরের স্মরণে ধর্মীয় অনুষ্ঠান ১৬ জানুয়ারি




নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন জোবরাস্থ পরম সিদ্ধিপুরুষ গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে আগামী ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার (০২ মাঘ ১৪৩২ বাংলা) এক দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পরম পূজনীয় সিদ্ধি পুরুষ গোবিন্দ ঠাকুর ও উপ-সংঘরাজ ভদন্ত গুণালঙ্কার মহাথরের স্মরণে এই ‘আটাশ বুদ্ধের পূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্মানুষ্ঠান’ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সময়সূচী:

শুক্রবার সকাল ৬:০১ মিনিটে আটাশ বুদ্ধের পূজার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, সদ্ধর্মদেশনা, অষ্টপরিষ্কারসহ সংঘদান এবং ভিক্ষুসংঘকে পিণ্ডদান অনুষ্ঠিত হবে। দুপুর ১২:০১ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে দুপুরের পর্ব সমাপ্ত হবে।

অতিথি ও আলোচকবৃন্দ:

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামান্য চতুর্দশ সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাথের। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন উপ-সংঘরাজ ভদন্ত শীলরক্ষিত মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত থাকবেন সদ্ধর্মবারidhi ভদন্ত প্রিয়ানন্দ মহাথের।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে প্রফেসর ড. জিনবোধি মহাথের এবং মুখ্য আলোচক হিসেবে ধর্মসারথি ভদন্ত শাসনানন্দ মহাথেরসহ আরও অনেক বিশিষ্ট ও পণ্ডিত ভিক্ষুসংঘ সদ্ধর্মদেশনা প্রদান করবেন।

বিশেষ আকর্ষণ:

মূল অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় ‘রাইজিং ব্রাদার্স, পশ্চিম গহিরা’র পরিবেশনায় এক বিশেষ গীতিনাট্য ‘অঙ্গুলিমাল’ পরিবেশিত হবে।

উদযাপন পরিষদ ও গুরু গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দিরের পক্ষ থেকে আয়োজিত এই মহতী পুণ্যোৎসবে সদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।



শেয়ার করুন

Administrator: Buddhistbd24

যদি(কিছু_জানো){ জানাে(); }নয়তো{ জানো();